সুপ্রিম কোর্টে তারেক রহমান-বাবরের খালাস নিয়ে শুনানি আজ

Views: 32

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি সুপ্রিম কোর্টে চলছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট এসএম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

এর আগে রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করে। বুধবারও সংক্ষিপ্ত শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।

চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। আদালত রায়ে বলেন, মামলার বিচার আইনসম্মতভাবে হয়নি এবং অভিযোগপত্র ছিল অগ্রহণযোগ্য।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গত ১ জুন আপিল বিভাগের অনুমতি মেলে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী, শেখ হাসিনাও গুরুতর আহত হন।

image_pdfimage_print

Posted on: August 21, 2025 | Author: Chandradip News