আগৈলঝাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেপ্তার

Views: 53

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসার সময় এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা তাদের আটক করে থানায় সোপর্দ করে।

থানা সূত্রে জানা যায়, রোববার উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী আসাদুল হাওলাদারের স্ত্রী লিজা বেগম (৩০) এর কাছ থেকে মোহনকাঠি গ্রামের নকুল বৈরাগীর ছেলে নিরব বৈরাগী ইয়াবা কিনতে গেলে স্থানীয়রা নিরবকে হাতেনাতে আটক করে।

পরে এলাকাবাসী লিজা বেগমকে ৮ পিস ইয়াবাসহ আটক করে। তবে এ সময় মাদক ব্যবসার মূল ডিলার ফরিদ হাওলাদার পালিয়ে যায়।

খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে নিরব ও লিজাকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিজা, নিরব এবং পলাতক ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের দাবি, লিজা বেগম, তার স্বামী আসাদুল হাওলাদার ও ফরিদ হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। তাদের হাতে স্থানীয় তরুণ সমাজ ধ্বংস হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসী এই চক্রের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

প্রসঙ্গত, এর আগেও লিজা ও ফরিদ একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে বলে এলাকাবাসীর অভিযোগ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫


image_pdfimage_print

Posted on: August 18, 2025 | Author: Chandradip News24