শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মানেন না এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

Views: 30

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তিনি এ মন্তব্য করেন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে।

‘বাংলাদেশের মালিক এ দেশের জনগণ’ শিরোনামের ওই পোস্টে নাহিদ লেখেন, “জাতির পিতা” উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয়, বরং আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার। স্বাধীনতা অর্জনে শেখ মুজিবের ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতি থাকলেও তার শাসনামলে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ড, একদলীয় বাকশাল ব্যবস্থা এবং ১৯৭২ সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়াকে তিনি জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন।

নাহিদ দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতির মূল ভিত্তি হলো ‘মুজিব পূজা’ ও ‘মুক্তিযুদ্ধ পূজা’, যা জনগণকে বিভক্ত করে শাসন ও লুটপাটের জন্য ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ সব নাগরিকের সমান অধিকারভিত্তিক রাষ্ট্র, কোনো ব্যক্তি বা পরিবার এর মালিক নয়।”

তার বক্তব্যে তিনি ‘মুজিববাদ’কে একটি ফ্যাসিবাদী মতবাদ আখ্যা দিয়ে অভিযোগ করেন, এর মাধ্যমে গুম, খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, সম্পদ পাচার, ইসলামভীতি ও সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। তার মতে, গত ১৬ বছর মুজিবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাষ্ট্রে দমনমূলক শাসন চালানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি ফ্যাসিবাদী মতবাদের বিরুদ্ধে। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।”

image_pdfimage_print

Posted on: August 15, 2025 | Author: Chandradip News