প্রকৃতির স্রোতকে কাজে লাগিয়ে বিনা খরচে বিদ্যুৎ উৎপাদনের এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের মনিরুল ইসলাম। স্লুইস গেটের প্রবেশমুখে স্থাপন করা তার নিজস্ব উদ্ভাবিত যন্ত্র পানির স্রোতের ধাক্কায় ঘুরে বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুতে একসঙ্গে জ্বলছে অর্ধ শতাধিক বৈদ্যুতিক বাতি।
পায়রা নদীর জোয়ারভাটার কারণে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ ঘণ্টা এই পদ্ধতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। মাত্র ৭০ হাজার টাকা ব্যয়ে তিন মাসের প্রচেষ্টায় এই প্রযুক্তি তৈরি করেছেন মনিরুল ইসলাম, যিনি মূলত একজন জ্বালানি তেল ব্যবসায়ী। বিদেশ থেকে জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে তিনি মনে করেন, পানির স্রোতনির্ভর এই পদ্ধতি হতে পারে কার্যকর সমাধান।
মনিরুলের সহযোগী মেকানিক জাহিদ জানান, স্লুইস গেটের ভেতরে সঠিক মাপজোখ ও পরিকল্পনা অনুযায়ী কাজ করায় প্রকল্পটি সফল হয়েছে।
এ উদ্ভাবনকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আলো ও আনন্দের উৎসব। স্থানীয়রা মনে করছেন, সুযোগ-সুবিধা ও সহায়তা পেলে এই প্রযুক্তি দেশের বিভিন্ন নদী ও স্রোতপ্রবাহে ছড়িয়ে দিয়ে বিনা খরচে গ্রাম থেকে গ্রাম আলোকিত করা সম্ভব হবে। এতে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





