আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশেই দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৯ আগস্ট) থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস রয়েছে।
রোববার (১০ আগস্ট) ও সোমবার (১১ আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচদিনের শেষের দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
এদিকে এ ধরনের আবহাওয়া কৃষিজমি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





