ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের রেকর্ড উন্নতি

Views: 91

ফিফা নারী ফুটবলে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে এত বড় সাফল্য পেল দেশের নারী দল। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১০৪ নম্বরে, যা দেশের নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। ফিফার পক্ষ থেকেও এবারের র‌্যাঙ্কিং প্রকাশে বিশেষভাবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে, কারণ পয়েন্টের বিচারেও সর্বোচ্চ উন্নতি ঘটেছে।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অভাবনীয় উন্নতির পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে মাঠের দুর্দান্ত পারফরম্যান্স। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ শক্তিশালী দলগুলোর বিপক্ষে দুই জয় ও দুই ড্র নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়, যা দেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক অর্জন। ফলে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও এখন বাস্তব।

চূড়ান্ত পর্ব নিশ্চিতের পথে বাংলাদেশ ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে। একই গ্রুপে ছিল বাহরাইন, যারা র‌্যাঙ্কিংয়ে অনেক উপরে অবস্থান করলেও বাংলাদেশের সঙ্গে হেরেছে পয়েন্ট। এর আগে প্রস্তুতিমূলক ম্যাচে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াকু পারফরম্যান্স ছিল বাংলাদেশের। এই ধারাবাহিকতা র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আনার জন্য যথেষ্ট ছিল।

বিশ্ব নারী ফুটবলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে বর্তমানে এক নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্সের মতো দলগুলোও একাধিক ধাপ এগিয়েছে, যেখানে জার্মানি, জাপান ও ব্রাজিল কিছুটা পিছিয়েছে।

বাংলাদেশ নারী দলের এই উত্থান শুধু দেশের ক্রীড়াঙ্গনেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এক নতুন পরিচয় তৈরি করল। আগামী বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপে যদি এই ছন্দ বজায় রাখা যায়, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণ আর কেবল স্বপ্ন থাকবে না, হবে বাস্তবতা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: August 7, 2025 | Author: Chandradip News24