বরিশালের মুলাদী উপজেলায় কীটনাশক পান করে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম মরিয়ম (১৪)। সে সাহেবেরচর গ্রামের আরিফ ব্যাপারীর মেয়ে এবং চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, মরিয়ম গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তার মুখে কীটনাশকের গন্ধ পাওয়ায় আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।
ছাত্রীর বাবা আরিফ ব্যাপারী বলেন, “জ্বরের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা বুঝতেই পারিনি সে এমন কিছু করে বসবে। চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
খবর পেয়ে মুলাদী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ছাত্রীটির লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





