বিএনপির ইফতার মাহফিলে হামলা, আ.লীগের ১০১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Views: 21

বরগুনার তালতলীতে ২০২৩ সালের ইফতার মাহফিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১০১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছগির হাওলাদার। অভিযুক্তদের মধ্যে ৭০-৮০ জন অজ্ঞাতনামা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় আদালত অভিযোগটি আমলে নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৮ এপ্রিল তালতলীর মালিপাড়া আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আগ্নেয়াস্ত্র, রামদা, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হন এবং ইফতার মাহফিলের মঞ্চে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও সাজসজ্জা ভাঙচুর করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলসহ সড়কে অগ্নিসংযোগ করে এবং সরকারি সম্পদের ক্ষতিও করে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. ইকরামুল ইসলাম বলেন, “আদালতের আদেশপত্র এখনো হাতে পাইনি। হাতে পেলে আইন অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরনো ঘটনার এক বছরের বেশি সময় পর মামলা দায়ের রাজনৈতিক পরিবেশে নতুন উত্তাপ সৃষ্টি করতে পারে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: August 1, 2025 | Author: Chandradip News24