বরগুনার পাথরঘাটায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে ছুরিকাঘাত করেছে একদল মাদক বিক্রেতা। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজা বিক্রি বন্ধ করতে বলায় মাদক ব্যবসায়ীরা রাগান্বিত হয়ে হামলা চালায়।
আহতরা হলেন—সাগর (২২), পিতা মো. শাহাজাদা এবং রুবেল, পিতা সোবাহান হাওলাদার। তাদের প্রথমে লেমুয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার পর অভিযুক্ত সাওন চৌধুরী ও বশির বাড়ি তালাবদ্ধ করে গা ঢাকা দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সাওন ওরফে বাতেনকে আটক করে, তবে বশির এখনো পলাতক।
রায়হানপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মুন্সি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই সাওন ও বশির এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক বিক্রি বন্ধ করতে বলায় তারা এ হামলা চালায়।
এ বিষয়ে সৈয়দ ফজলুল হক কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বলেন, “গতকাল রাতে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়। পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করলে আমার সঙ্গে থাকা সাগর বাধা দেয়। এতে সাগর গুরুতর আহত হয়—তার হাতে রগ কেটে যায় এবং বুকে ছিদ্র হয়।”
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “রাতেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় মাদক ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





