রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের অন্তত ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটি রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ছিল বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার উপকূলবর্তী অঞ্চল। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়ে সুনামির ঝুঁকি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এই সতর্কতা জারি করে।
বিশেষ করে ওশেনিয়া অঞ্চলের তিনটি দেশ—পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সরাসরি সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের সতর্কবার্তায় জানায়, উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা যদি অস্বাভাবিক সমুদ্রস্রোত, শক্তিশালী বা দীর্ঘ সময় ধরে ভূকম্পন অনুভব করেন, তবে সঙ্গে সঙ্গে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
সতর্কতায় আরও বলা হয়েছে, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকা, সমুদ্রসৈকত ও নদীর পাশে অবস্থান করা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজনে খাবার, পানি, ওষুধ ও গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত রাখুন।”
ভূমিকম্প ও সুনামির আশঙ্কায় বর্তমানে যেসব দেশ ও অঞ্চলে সতর্কতা জারি রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর ও নিউজিল্যান্ড।
জাপানের চিবা প্রিফেকচারের সোসা সিটির কুজুকুরি উপকূলে ইতিমধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।





