‘শেখ হাসিনার পতনের পেছনে বিএনপির ১৬ বছরের ত্যাগ ও সংগ্রাম’ : আমীর খসরু

Views: 125

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পেছনে জুলাই-আগস্ট আন্দোলনের মূলনায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সবচেয়ে বড় ত্যাগের পরিচয় দিয়েছেন বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের একটি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা আয়োজিত ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’–এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “আজ শেখ হাসিনা ক্ষমতা থেকে পালাতে বাধ্য হয়েছেন, তার পেছনে দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম রয়েছে। এ সময়ে বিএনপির হাজারো নেতাকর্মী যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনেকে ভুলে যেতে বসেছে। ব্যবসা-বাণিজ্য হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, অনেকের পরিবার ভেঙে গেছে, অনেকে বছরের পর বছর বাড়িঘরে ফিরতে পারেননি। এমনকি কারও স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। অথচ এই ত্যাগ-তিতিক্ষার কথাগুলো আজকের আলোচনায় আসছে না।”

তিনি বলেন, “শহীদ ওয়াসিমের মতো আন্দোলনের প্রথম শহীদদের নাম পর্যন্ত আজ আর উচ্চারিত হচ্ছে না। অথচ তারাই এই গণঅভ্যুত্থানের পথ রচনা করেছেন।”

বিএনপি এককভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করে না উল্লেখ করে আমীর খসরু বলেন, “আমরা চাই না এই আন্দোলন বিভক্ত হোক। এটা ছিল ১৮ কোটি মানুষের আন্দোলন। তাই একে জাতীয় অর্জন হিসেবেই তুলে ধরা উচিত।”

তবে ইতিহাসের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য বিএনপির ভূমিকা স্মরণীয় করে রাখতে হবে বলে জানান তিনি। “মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছেন, তাদের নাম মুছে দিয়ে শেখ হাসিনা তার একক কৃতিত্ব দাবি করেছেন। যেন ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মূল্য নেই। আমরা চাই না জুলাই আন্দোলনের ক্ষেত্রেও তেমনটা হোক,”— বলেন আমীর খসরু।

আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “এটা রাজনৈতিক স্লোগান নয়। কোন খাতে কতজনকে দেশে ও বিদেশে চাকরি দেওয়া হবে, আমরা হিসাব করে পরিকল্পনা তৈরি করেছি। সে অনুযায়ী রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন আনতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফার ভিত্তিতে এখন দেশ গড়ার সময়। রাজনীতিতে সহনশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠা করতে হবে। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না—রাজনৈতিক সংস্কৃতিরও আমূল পরিবর্তন প্রয়োজন।”

সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন
  • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক

ডা. জাহিদ হোসেন বলেন, “কেউ কেউ বলছেন, জুলাই-আগস্ট আন্দোলন এক মাসেই শেষ হয়েছে। কিন্তু ইতিহাসকে খণ্ডিত করে দেখা যায় না। যেমন ১৯৪৭ না হলে ১৯৫২ হতো না, ১৯৭১ না হলে ১৯৭৫-এর বিপ্লব হতো না। সেই ধারাবাহিকতায় এই অভ্যুত্থানও বহু বছরের প্রস্তুতির ফসল।”

image_pdfimage_print

Posted on: July 26, 2025 | Author: Chandradip News