ঝালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে পা হারানো আলোচিত লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেনকে (৫৫) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইঁদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে ছেলে লিমন হোসেন যে অভিযোগ দিয়েছেন, তা তুলে নিতে তাকে চাপ দিচ্ছিলেন প্রতিবেশী মো. ইব্রাহিম হাওলাদার ও আবদুল হাই। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তারা তাকে ঘিরে ধরে হুমকি দেন। অস্বীকার করায় তারা সংঘবদ্ধভাবে মারধর করে আহত করে।
এর আগেও ২০১৯ সালে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে বাঁশ কাটার চেষ্টা করলে বাধা দেওয়ায় তোফাজ্জেল হোসেনকে মারধর করা হয়। ওই ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করলে ঝালকাঠির আদালত ইব্রাহিম হাওলাদারকে দুই বছর ও আবদুল হাইকে ছয় মাসের কারাদণ্ড দেন।
সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ইব্রাহিম হাওলাদার আবারও লিমনের পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তোফাজ্জেলের। তিনি বলেন,“আমার ছেলের দায়ের করা আন্তর্জাতিক অপরাধের অভিযোগ তুলে না নেওয়ায় আমাকে পিটিয়ে আহত করেছে। থানায় অভিযোগ দিয়েছি, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম হাওলাদার দাবি করেন,“জমি নিয়ে বিরোধ থেকেই এই মিথ্যা অভিযোগ দিচ্ছে লিমনের পরিবার।”
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ রাজাপুরের নিজ বাড়ির পাশে র্যাবের গুলিতে আহত হন কলেজছাত্র লিমন হোসেন। তার বাঁ পা অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়। ঘটনায় দায়মুক্তি পেলেও মামলা, হুমকি ও হয়রানির মধ্যে পড়তে হয় লিমন ও তার পরিবারকে।





