মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বাড়িয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৫ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিকভাবে মাদকবিরোধী দিবস পালিত হচ্ছে—এটি অত্যন্ত আনন্দের বিষয়। তবে শুধু আনুষ্ঠানিকতা নয়, আমাদের এই দিবসকে কার্যকর করতে হবে সার্বিক প্রয়াসের মাধ্যমে।”
তিনি বলেন, “মাদক পাচার ও এর অপব্যবহার একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা। এর কবলে পড়ে দেশের বহু তরুণ-তরুণী মেধা ও সৃজনশীলতা হারাচ্ছে। এর ফলে জনস্বাস্থ্য, পরিবার, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, এমনকি জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।”
মাদক নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনকে সম্মিলিতভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ নয়, মাদকবিরোধী সচেতনতা বাড়াতে হবে ঘরে ঘরে, সমাজে সমাজে। এজন্য বেসরকারি সংগঠন, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষার্থী, গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে তিনি বলেন, “সামাজিক আন্দোলনের মাধ্যমেই আমরা গড়তে পারি একটি নিরাপদ, সুন্দর, মাদকমুক্ত বাংলাদেশ।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





