ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান ফটক আজও তালাবদ্ধ। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখতে চাওয়া তার অনুসারীরা রোববার (২২ জুন) আবারও নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
‘ঢাকাবাসী’ ব্যানারে স্লোগান ও মিছিল নিয়ে সকাল থেকেই নগরভবনে জড়ো হন ইশরাকপন্থি শত শত কর্মী-সমর্থক। তারা নগরভবনের মূল সিঁড়িতে বসে কর্মসূচি চালিয়ে যান। আন্দোলনকারীরা এ সময় ‘ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে তালবাহানা চলবে না’, ‘নগর পিতা ইশরাক ভাই’—এমন নানা স্লোগানে নগরভবন প্রাঙ্গণ মুখরিত করেন।
জানা গেছে, ডিএসসিসির বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল এসে একত্রিত হচ্ছে নগরভবনে। এতে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম কার্যত ব্যাহত হচ্ছে।
গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাকপন্থি কর্মচারীরা নগরভবনের প্রধান ফটক আটকে ও বিভাগগুলোতে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। এরপর ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে আবারও শুরু হয় অবস্থান কর্মসূচি।
ইশরাক হোসেন এর আগে এক বিবৃতিতে জানান, “নাগরিকদের জরুরি সেবা যেমন জন্ম নিবন্ধন সনদ চালু থাকবে। তবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় নিয়োজিত কর্মকর্তারা অফিস করতে পারবেন না। প্রধান ফটক খোলা হবে না, এটি আমাদের আন্দোলনের প্রতীক।”
এদিকে গত কয়েকদিন ধরে ইশরাক হোসেন ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক, ওয়ার্ড সচিব, স্বাস্থ্য বিভাগ ও ডিএসসিসির কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বলে জানা গেছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নগরভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





