মাঠপর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র তাদের কাছে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে প্রয়োজনীয় ভারি অস্ত্র থাকবে বলে জানান তিনি।
শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীতে এপিবিএনের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি র্যাব-১ কার্যালয়ও পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এপিবিএন, থানা পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। তাদের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।”
গত ১১ মাসের অন্তর্বর্তী সরকারের সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের ঈদ উৎসব শান্তিপূর্ণভাবেই উদযাপন করেছে দেশের মানুষ।”
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা এদিন এপিবিএন সদর দপ্তর এবং র্যাব-১ এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন।





