ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি পদে বিরোধী জোটের নেতৃত্ব চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এমন প্রস্তাব তুলে ধরেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “বর্তমানে সংসদীয় কমিটিতে সরকারদলীয় সদস্যের সংখ্যাধিক্য থাকে। এতে করে ভারসাম্য নষ্ট হয়। তাই প্রাপ্ত ভোট অনুযায়ী বিরোধী জোট, বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলোকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হোক।”
তিনি আরও জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় নিরাপত্তা নিয়ে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় নিরাপত্তা ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, “এখানে অস্পষ্টতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসলিম জারা। তিনি বলেন, “সংরক্ষিত আসনের প্রচলিত পদ্ধতি নারীর ক্ষমতায়নের জন্য যথাযথ নয়। আমরা চাই ৩০০ আসন বাড়িয়ে ৪০০ করা হোক, যেখানে ১০০ আসনে নারী প্রার্থীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে করে নারী নেতৃত্ব তৃণমূলে গড়ে উঠবে।”
সংরক্ষিত আসন প্রসঙ্গে সারজিস আলম আরও বলেন, “এই আসনগুলো প্রায়ই পুরস্কার বা সান্ত্বনা স্বরূপ দেওয়া হয়, যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে নয়। এটি নারীর প্রকৃত ক্ষমতায়নে অন্তরায় সৃষ্টি করে।”
এনসিপি মনে করে, প্রতিনিধিত্বমূলক ও ভারসাম্যপূর্ণ রাজনীতি গড়তে প্রয়োজন বৃহত্তর রাজনৈতিক সংলাপ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





