‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিসহ কর্মচারীদের বিভিন্ন দাবার কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। বর্তমানে জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা ৩১ মে দেশে ফিরবেন। এরপরই বিষয়টি তার কাছে তোলা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (২৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “কর্মচারীদের দাবির বিষয়টি এবং আগের দিনের আলোচনার বিষয়বস্তু মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে।”
এর আগে, ২৭ মে (মঙ্গলবার) সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন কয়েকজন সচিব। বৈঠক শেষে সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, কর্মচারীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে থেকে সিদ্ধান্ত আসবে।





