উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালন, পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সতর্কতা

Views: 38

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় উপকূলীয় অঞ্চলে বিরাজ করছে অস্থির আবহাওয়া। এর প্রভাবে বৃহস্পতিবার পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়েছে। যদিও শুক্রবার সকাল থেকে বৃষ্টির তেমন দেখা মেলেনি, তবুও আকাশজুড়ে ছিলো ঘন কালো মেঘের আনাগোনা।

স্থানীয়রা জানান, দিনের বেশিরভাগ সময় মেঘে ঢাকা ছিলো পটুয়াখালীর আকাশ। এরইমধ্যে জেলার নদ-নদীর পানি কিছুটা বেড়েছে এবং সাগরেও দেখা দিয়েছে উত্তাল পরিস্থিতি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সৃষ্ট গভীর সঞ্চালনের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ করে পটুয়াখালীর পায়রা বন্দরের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে জেলেদের গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদ এলাকায় চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ এ বিষয়ে মাইকিংসহ সচেতনতামূলক প্রচার চালাচ্ছে।

এদিকে, মৎস্যজীবীদের সংগঠনগুলো জানিয়েছে, অনেক ট্রলার এরইমধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। তবে যারা এখনো গভীর সমুদ্রে রয়েছে, তাদের দ্রুত উপকূলের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই ধরণের সঞ্চালনশীল মেঘমালা আরও কিছুদিন উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও নদ-নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা থাকছে।

স্থানীয়দের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার এবং নদী বা সাগরপথে ভ্রমণ না করার।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: May 23, 2025 | Author: Chandradip News24