বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশের বাধায় কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পল্টন থেকে কাকরাইল মোড়ে পৌঁছান। এ সময় তারা ব্যানার হাতে নানা স্লোগান দিতে দিতে যমুনার অভিমুখে অগ্রসর হচ্ছিলেন। তবে কাকরাইল মোড়ে পুলিশি বাধার মুখে পড়লে তারা সেখানে অবস্থান নেন এবং রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা তাদের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধের দাবিতে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের দাবি, পূর্বে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী সব পাওনা পরিশোধ করতে হবে।
আন্দোলনকারীরা ‘উপদেষ্টা বরাবর স্মারকলিপি’ শীর্ষক ব্যানার হাতে নিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।





