নরসিংদীতে একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ থেমে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর অদূরে ৩শ ফুট এলাকার ফুটপাতে অপেক্ষমান নেতাকর্মীদের দেখে গাড়ি থামিয়ে দিলেন তিনি। এরপর পাশে থাকা একটি সাধারণ চায়ের দোকানে ঢুকে দাঁড়িয়ে চা খেলেন নেতাকর্মীদের সঙ্গে।
এই দৃশ্য দেখে চমকে যান উপস্থিত অনেকেই। হঠাৎ এমন আচরণে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চা হাতে রাজনীতি নিয়েও কিছুটা আলোচনা হয় বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।
চা-পানের সেই মুহূর্তে রিজভীর সঙ্গে ছিলেন: বিএনপির সহ-সেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংবাদিক নেতা রাশেদুল হক, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুল কবির, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আওয়াল এবং এলাকার অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অনেকেই জানান, এমন আচরণ রিজভীর সরলতা এবং সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগের শক্ত প্রমাণ। কেউ কেউ বলছিলেন, “এই জন্যই রিজভী ভাই আমাদের এত আপন। তিনি আমাদের সঙ্গে মিশে যান, আমাদের মতো করেই কথা বলেন, চলেন।”
সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সেই চায়ের আড্ডায় দলের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি, ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছোটখাটো আলোচনা হয় বলে জানা যায়। এরপর রিজভী আবার গাড়িতে উঠে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
নেতাকর্মীদের মতে, এমন হঠাৎ উপস্থিতি ও সরাসরি যোগাযোগে স্থানীয়ভাবে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, যা সাংগঠনিকভাবে দলকে আরও সক্রিয় করতে ভূমিকা রাখবে বলে মনে করেন নেতা কর্মীরা।





