পিরোজপুরে স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি: গ্রেফতার হতে পারে অভিযুক্তরা

Views: 40

পিরোজপুরে ১৫ বছর বয়সী স্কুলছাত্রী তামান্না ইসলামকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে। বুধবার (১৪ মে) দুপুরে পিরোজপুর জেলা গণগ্রন্থাগারের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী তামান্না ইসলাম পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার বাসিন্দা এবং পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন—পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লুবনা ও নিলা এবং কদমতলা জর্জ হাই স্কুলের শিক্ষার্থী সিয়াম।

হুমকি দেওয়ার সময় উপস্থিত ছিল স্কুলের সহপাঠী ও জনতা:
বুধবার বেলা ১২টার দিকে তামান্না ইসলাম কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে গণগ্রন্থাগারের সামনে আসেন। এ সময় অভিযুক্তরা তাকে পথ রোধ করে এবং অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়। ঘটনাস্থলে উপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা ঘটনার প্রেক্ষাপটে জড়ো হয়ে যায়। পরে তামান্না তার মাকে ফোন করেন, যিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”ভুক্তভোগী তামান্না ইসলাম বলেন, “আমার সম্পর্কে খারাপ কথা বলার কারণে লুবনা ও নিলা আমাকে একাধিকবার হুমকি দিয়েছে। আজ তারা সরাসরি আমাকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়।”

অভিযুক্ত লুবনা বলেন, “তামান্না আমার সম্পর্কে বাজে কথা বলছে, সে কারণে আমি তাকে সাবধান করতে বলেছি।”পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. হালিম হাওলাদার এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকার করেছেন। তবে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তামান্নার মা লিপি বেগম বলেন, “আমার মেয়েকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দিয়েছে তারই সহপাঠী। আমি স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু সমাধান চাই।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম


 

image_pdfimage_print

Posted on: May 14, 2025 | Author: Chandradip News24