দীর্ঘ ২৯ দিনের টানা আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভিসি ও ট্রেজারারকে একযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ববি’র বর্তমান উপাচার্য, প্রো-ভিসি ও ট্রেজারারকে অপসারণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলম-কে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সুজয় শুভ এই খবর নিশ্চিত করেন।
শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করলেও পরে তা চার দফায় পরিণত হয় এবং শেষে একদফা—উপাচার্য অপসারণের দাবিতে রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, উপাচার্যের বাসভবনে অবরোধ, ক্লাস-পরীক্ষা স্থগিত এবং আমরণ অনশনসহ নানা কর্মসূচি ছিল এই আন্দোলনের অংশ।
শেষপর্যন্ত ১২ মে রাত ১১টা থেকে আমরণ অনশন এবং ১৩ মে বিকেল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এই চাপের মুখেই শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিতে বাধ্য হয়।
উপাচার্য অপসারণের ঘোষণায় মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন। যদিও রাত পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটির কপি প্রকাশ হয়নি।
ছাত্রদের প্রতিক্রিয়া:
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন,
“এই অপসারণ আমাদের ন্যায্য দাবির বিজয়। আমরা চাই, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের প্রতি সম্মান বজায় থাকুক।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





