চন্দ্রদ্বীপ ডেস্ক: বুধবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নয়াদিল্লিতে পাকিস্তানের এক শীর্ষ কূটনীতিককে ডেকে তাকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাশ্মিরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর এ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত।তবে সরকারের কোনো মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি এখনো কোনো মন্তব্য করেনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই খবর নিশ্চিত করেছে।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে অবস্থান করা পাকিস্তানি কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে। একই দিনে ভারত নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা ও বায়ু উপদেষ্টাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। এএনআই সূত্রে জানা গেছে, ওই পাক কূটনীতিককে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে সেই ‘অবাঞ্ছিত’ ঘোষণার সরকারি নির্দেশনামা হস্তান্তর করা হয়েছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের উপস্থিতি আর কাম্য নয়।
এছাড়াও, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন, তাদের আগামী ১ মে-র মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ভারত আরও জানিয়েছে, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পূর্বে এই ভিসার আওতায় পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তাও বাতিল করা হচ্ছে। বর্তমানে এই ভিসা নিয়ে যারা ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।





