বরগুনার সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মাদকসেবী সন্দেহে আটক ছয় যুবকের ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আদালত পরবর্তী নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে। বরগুনা সদর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদের ভেতর থেকে ৬ জনকে আটক করে। রাতেই তাদের ডোপ টেস্ট করা হলে সকলের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—
- মোহাম্মদ মিঠুন (২৭), পিতা: মো. দেলোয়ার হাওলাদার, ঠিকানা: ঢলুয়া, সদর
- মাহমুদুল হাসান (৪৩), পিতা: মৃত আব্দুল মালেক মিয়া, ঠিকানা: শাহাপট্টি
- মো. সোহাগ (৪৪), পিতা: মো. আলি আকবর, ঠিকানা: পশ্চিম বরগুনা
- মোহাম্মদ মহসিন (৪৫), পিতা: তোফায়েল মিয়া, ঠিকানা: ডিকেপি রোড
- মো. ফারুক (৩৮), পিতা: মৃত আবুল হোসেন
- শহিদুল ইসলাম (৩৬), পিতা: মৃত শানু মিয়া, ঠিকানা: কলেজ রোড
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “ছয়জনের ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
এ ঘটনায় বরগুনায় আবারও মাদকবিরোধী অভিযানের কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





