বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাতে এই অভিযান চালায় থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মামুন ওরফে মমিনকে ঢাকার ঝিগাতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের বাসিন্দা এবং ধানমন্ডি থানায় ২০০৭ সালের ৫ মে দায়ের করা মাদক মামলায় দোষী সাব্যস্ত হন।
২০২৩ সালের ১৯ জুন বরিশাল সিনিয়র দায়রা জজ আদালত অনুপস্থিত মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের জেল দেয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
অন্যদিকে, একই রাতে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রাম থেকে গ্রেফতার করা হয় জিআর ৭৬/২৪ মামলার পলাতক আসামি তুহিন সিকদারকে।
গ্রেফতারকৃত মামুনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম“





