নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলে রাজনীতি শেষ হয়ে যাবে—এমন ভাবার কোনো সুযোগ নেই। দল যাকে সমর্থন দেবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে।”
মঙ্গলবার (১৯ মে) হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সততা ও যোগ্যতা নিয়ে মানুষের কাছে যেতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও একটি “অদৃশ্য শক্তি” কাজ করছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সেই শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কোনো লাভ নেই। তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। জনগণের জন্য কাজ করতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে মানুষের ক্ষতি হয়।”
সভায় হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। প্রতিমন্ত্রী সেসব বিষয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দেন এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভায় যোগ দেন। সভায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





