চন্দ্রদ্বীপ ডেস্ক ; দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারিয়েছেন রাকিবুল হাসান নামের এক যুবক। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফারিয়া।
সেই অনুষ্ঠানের একটি ভিডিওক্লিপে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা চোখে পড়ে এই তারকার। বিষয়টি নিয়ে তৎক্ষনাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফারিয়ার।
তার সেই স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, ওই যুবকের নাম রাকিবুল হাসান। তিনি সাজিদা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করছেন।
এর পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে সাজিদা ফাউন্ডেশন। তদন্তের পর রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইলের মাধ্যমে ফারিয়াকে জানানো হয়।





