মসজিদের নারিকেল গাছ কেটে নেয়ার অভিযোগ: ক্ষোভের সৃষ্টি মুসল্লীদের মধ্যে

Views: 75

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সরিকল গ্রামে একটি মসজিদের সাতটি ফলন্ত নারিকেল গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মসজিদের মুসল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাইতুল আমান জামে মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির টিটন ও মুসল্লী কাজী বিপ্লব জানিয়েছেন, ২০০১ সালে সরিকল ইউনিয়ন পরিষদের সহায়তায় স্থানীয় মুসল্লীরা মসজিদের জন্য ৬০টি নারিকেল গাছ রোপন করেছিলেন। গাছগুলো থেকে প্রাপ্ত নারিকেল বিক্রি করে মসজিদের বিভিন্ন কাজে ব্যবহৃত হতো।

তবে, গত কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দা সৈয়দ রুবেল তার ঘরের পাশের রাস্তার নারিকেল গাছ কেটে নেয়ার চেষ্টা চালাচ্ছিলেন। রবিবার রাতে, সৈয়দ রুবেলের নির্দেশে তার ভাই সৈয়দ সফিউল ইসলাম সোহেল মসজিদের সাতটি গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাছ কাটার শ্রমিক পনির হোসেন বলেন, সৈয়দ সফিউল ইসলাম সোহেল তাদের ডেকে নিয়ে গাছ কাটার কাজ করিয়েছিলেন। তিনি জানান, “দিনের বেলা শ্রমিকরা গাছ কাটতে পারছিল না, তাই রাতে গাছগুলো কাটা হয়েছে।”

এদিকে, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: March 18, 2025 | Author: Chandradip News24