পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Views: 19

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. মিজান (২১) নামের এক যুবককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মোহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭) এবং আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

এদিকে, সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন— ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা এবং হেমায়েত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২ নভেম্বর ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে একদল ডাকাত ডাকাতির জন্য আসে। এ সময় রফিকুল ইসলাম দোকানে ঘুমিয়ে ছিলেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর সময় মিজান গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: March 17, 2025 | Author: Chandradip News24