পটুয়াখালীর গলাচিপার কুখ্যাত চোর ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা (৪৪) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে বরগুনার আমতলী বাজার সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থেকে র্যাব-৮, সিপিসি-১ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ইয়াকুব মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার শৈলাবুনিয়া গ্রামের আব্দুস ছাত্তার মৃধার পুত্র। দীর্ঘদিন ধরে সে ঢাকা, যশোর, ধামরাই ও বগুড়ায় সক্রিয় চুরির গ্যাং পরিচালনা করে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত এই অপরাধীর বিরুদ্ধে অন্তত ১০টিরও বেশি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
ইয়াকুব মৃধার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
- গুলশান থানা, ঢাকা: মামলা নং- ৬১ (২৬ সেপ্টেম্বর ২০১১), ধারা: ৩৯৫/৩৯৬/৪১২ (ডাকাতি ও সহিংস অপরাধ)।
- যশোর থানা: মামলা নং- ৭৩ (১৪ সেপ্টেম্বর ২০১৫), ধারা: ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি)।
- ধামরাই থানা: মামলা নং- ২২ (২০১৬), ধারা: ৩৯৯/৪০২।
- ডিএমপি কদমতলী থানা: মামলা নং- ১৭, ধারা: ৩৯৯/৪০২।
- যশোর কোতোয়ালি থানা: চুরির মামলা।
র্যাব জানায়, সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনায় ইয়াকুবের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৪টার দিকে বগুড়ার শেরপুর থানাধীন শেরুয়া বটতলা এলাকায় পিরপাল মাজার মার্কেটে “কিষান অটো” নামে একটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। সাত-আটজন মুখোশধারী চোর দোকানের তালা ভেঙে ইজি বাইক, অটোরিকশা, আইপিএস ও সিএনজির মোট ৪১টি ব্যাটারি চুরি করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
ভুক্তভোগী মো. মুনজুরুল হাসান বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তের পর ইয়াকুব মৃধার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে।
র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ইয়াকুব মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





