সিমিত পরিসরে বরিশাল বিভাগীয় সদরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

Views: 39

অবশেষে বরিশাল বিভাগীয় সদরে টিসিবির নির্ধারিত কিছু নিত্যপণ্য ট্রাকযোগে বিক্রি শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ৮টি বিভাগীয় সদরে ট্রাকযোগে টিসিবি পণ্য বিক্রি শুরুর ঘোষণা দেওয়া হলেও বরিশালে তা শুরু হয়নি। তবে গতকাল থেকে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে ১০টি মিনি ট্রাকের মাধ্যমে ছোলাবুট, চিনি, ভোজ্যতেল, মুসুর ডাল ও খেজুর বিক্রির কার্যক্রম শুরু হয়।

টিসিবির বরিশাল আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক জানান, মাথাপিছু ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম খেজুর, ২ কেজি মুসুর ডাল ও ১ কেজি ছোলা বিক্রি করা হচ্ছে। প্রতিটি পণ্যের বিক্রি মূল্যও নির্ধারণ করা হয়েছে: ভোজ্যতেল ১০০ টাকা লিটার, ছোলা ৬০ টাকা কেজি, চিনি ৭০ টাকা কেজি, মুসুর ডাল ৬০ টাকা কেজি, এবং খেজুর ১৫৫ টাকা কেজি।

তবে, বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের জন্য মাত্র ১০টি মিনি ট্রাকে এই পণ্য সরবরাহ অত্যন্ত সীমিত হওয়ায় ভোক্তারা প্রতিটি ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন। এছাড়া, ৩৫ হাজার ফ্যামিলি কার্ডধারীকে পণ্য কিনতে সুযোগ দেওয়া হলেও, প্রায় ৪৯ হাজারেরও বেশি কার্ডধারী এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

তবে ট্রাকযোগে পণ্য বিক্রি কার্যক্রমকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অংশের মানুষ সরকার নির্ধারিত মূল্যে নিত্যপণ্য কিনতে পারছেন। বরিশালের ৩০টি ওয়ার্ডে এই কার্যক্রম দ্রুত সম্প্রসারণের দাবি উঠেছে, পাশাপাশি দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলা সদরেও এই পণ্য বিক্রি কার্যক্রম চালু করার দাবি জানানো হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 

image_pdfimage_print

Posted on: February 25, 2025 | Author: Chandradip News24