খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ: ১০ লাখ টন চাল ও গম আমদানি

Views: 50

খাদ্যপণ্যের বাজারে দাম স্থিতিশীল রাখতে সরকার ১০ লাখ টন চাল ও গম আমদানির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি বলেন, ‘বর্তমানে চালের দাম কিছুটা কমেছে এবং এটি আরও কমানোর জন্য সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সভার সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে আলী ইমাম মজুমদার জানান, ‘বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। তবে, আগামীতে দামের অস্থিরতা রোধে খাদ্য মজুত বা স্টকিংয়ের ওপর সরকারের নজর রয়েছে। এতে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ পাবে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে চাল ও গমের মজুদ রয়েছে মোট ১৩ লাখ মেট্রিক টন, যার মধ্যে ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৪১ হাজার মেট্রিক টন গম। এরপরও চাল ও গমের বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ১০ লাখ টন খাদ্যপণ্য আমদানি করা হচ্ছে, যার মধ্যে গমের পরিমাণ ৩ লাখ টন। গম রাশিয়া ও ভারত থেকে এবং চাল ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা হবে।’

বর্তমানে চালের দাম কেজি প্রতি প্রায় ৬০ টাকা হলেও, বোরো ফলন কম-বেশির ওপর আমদানির প্রভাব পড়বে বলে খাদ্য উপদেষ্টা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চালের দাম কমানোর আরও সুযোগ রয়েছে, বিশেষ করে মধ্যবিত্তের জন্য মোটা চালের দামও কমানোর পরিকল্পনা রয়েছে।

 

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 

image_pdfimage_print

Posted on: January 22, 2025 | Author: Chandradip News24