সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে গতকাল মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যার মধ্যে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট। প্রেসিডেন্ট স্টাব বলেন, “আমাদের এমন একটি পৃথিবী দরকার যা আইনের শাসনের ওপর ভিত্তি করে চলবে।”
অধ্যাপক ইউনূস বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকে অধ্যাপক ইউনূস শেখ হাসিনার আমলে ব্যাংকিং খাতে ১৭ বিলিয়ন মার্কিন ডলারের লুটপাট ও দুর্নীতির বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। এই উদ্যোগের মাধ্যমে শরণার্থীদের দুর্দশা বৈশ্বিক আলোচনায় ফের তুলে আনার চেষ্টা করা হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





