হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ

Views: 43

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগে নতুন নতুন চিত্র বেরিয়ে আসছে। সম্প্রতি জোরপূর্বক গুম তদন্তকারী কমিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। সেখানে দাবি করা হয়েছে, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকার শিশুদেরও গোপন কারাগারে আটকে রেখে তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এমনকি মায়েদের ওপর চাপ প্রয়োগের জন্য শিশুদের দুধ পান করানোর সুযোগও দেওয়া হতো না।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকারের সময় গোপন আটক কেন্দ্রে বন্দি থাকা ব্যক্তিদের মধ্যে অর্ধডজন শিশু ছিল, যারা মাসের পর মাস তাদের মায়েদের সঙ্গে আটক ছিল। তাদের মায়েদের মানসিকভাবে ভেঙে দিতে শিশুদের ব্যবহার করা হতো।

কমিশন বলছে, এসব ঘটনার মধ্যে অন্তত একবার গর্ভবতী নারী ও তার দুই সন্তানকে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল।

২০২৩ সালে শেষবারের মতো এমন একটি ঘটনার তথ্য প্রকাশ করে কমিশন জানায়, এক প্রত্যক্ষদর্শী শিশু অবস্থায় মায়ের সঙ্গে বন্দি থাকার বর্ণনা দিয়েছে। এসব কারাগার পরিচালনার অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে।

তদন্তে আরও উঠে এসেছে, আটক কেন্দ্র থেকে অনেক নারী আর ফিরে আসেনি। তাদের মধ্যে শিশুদেরও ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে গেছে।

২০২৩ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। পরে তিনি ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তদন্তকারী সাজ্জাদ হোসেন বলেন, “আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ভুক্তভোগীদের পরিবারগুলো গুরুতর মানসিক ও আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। ভবিষ্যতে এসব ঘটনায় দায়ী কমান্ডারদের বিচারের আওতায় আনা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: January 22, 2025 | Author: Chandradip News24