সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে তিমোর-লেসতের রাষ্ট্রপতি হোসে রামোস-হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান। বৈঠকে দুদেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় চার দিনের সফরে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশ্যে রওনা হন। তিনি মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে জুরিখে পৌঁছান এবং সেখান থেকেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন।





