নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, কাউকে নির্বাচন থেকে দূরে রাখতে নয়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সংগঠন আরএফইডির সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, কমিশনের ক্ষমতা ক্ষুণ্ন করা হয়নি; বরং ক্ষমতায়নের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ফেরারি আসামি, বিচারিক আদালতে দোষী ব্যক্তি, গুম-খুনের সঙ্গে জড়িত বা অর্থপাচারকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকারীরা নির্বাচনে অংশ নিতে পারে না—এটি জনগণের মতামতের ভিত্তিতেই সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের জন্য বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্র দেড় সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত চোখ ও আঙুলের কারণে যারা পরিচয় দিতে সমস্যায় পড়ছেন, তাদের জন্য ইসির নির্দেশনায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন ভোটারদের এনআইডি, স্মার্ট কার্ড এবং ভুল সংশোধনের সুযোগও নিশ্চিত করা হয়েছে। এছাড়া আন্দোলনে আহত এবং তাদের পরিবারের সদস্যরা সারা দেশের হাসপাতালগুলোতে বিশেষ সেবা পাবেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





