কীর্তনখোলা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার: মা শিক্ষিকা পলাতক

Views: 31

ঝালকাঠির নলছিটিতে কীর্তনখোলা নদী থেকে সোমবার এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, বরিশালের দপদপিয়া সেতু থেকে নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছেন স্কুলশিক্ষিকা মা ঐশী আক্তার।

ঐশী আক্তার নলছিটির হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মগড় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মুনসুর হাওলাদারের মেয়ে। ১০ জানুয়ারি অস্ত্রোপচার ছাড়াই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। পরে তাঁকে বরিশালের বাংলাবাজারে বোনের বাসায় নিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক।

এদিকে, পিরোজপুর মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ দাবি করেছেন, উদ্ধার হওয়া নবজাতক তাঁর সন্তান। তিনি বলেন, “লাশের পোশাক দেখে আমি নিশ্চিত এটি আমার মেয়ের। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

স্থানীয়রা জানান, নদীর তীরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। নবজাতকের বয়স পাঁচ থেকে সাত দিন বলে ধারণা করা হচ্ছে।

নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: January 20, 2025 | Author: Chandradip News24