বরিশালে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, চাঁদা দাবির অভিযোগ

Views: 34

বরিশালের সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্লা বাড়ি গ্রামে স্থানীয় একটি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে, বিশেষ করে যারা প্রতিদিন ওই রাস্তায় চলাচল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক চালক আলম শিকদার তার পরিবারের লোকজন নিয়ে রাস্তাটির মাঝখানে বাঁশের বেড়া দিয়ে আটকে রেখেছেন। এতে করে এলাকার কয়েকটি পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ রয়েছে যে, আলম শিকদার ওই রাস্তায় চলাচলকারী পরিবারগুলোর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মতাশার ও বিল্লা বাড়ির সীমান্তবর্তী রাস্তার মাঝখানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এতে স্থানীয়রা বাধ্য হয়ে পাশের খাদ দিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আলম শিকদার ২০০৩ সালে মাটির রাস্তা বাঁধাই করেছিলেন এবং বর্তমানে রাস্তা বন্ধ করে দিয়ে লেবার খরচ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছেন। চাঁদা না দেওয়ার কারণে গত দুই সপ্তাহ ধরে রাস্তাটি বন্ধ রয়েছে।

আব্দুল ওহাব মাস্টার, যিনি ২০২০ সালে ওই এলাকায় জমি ক্রয় করেছিলেন, বলেন, “এই রাস্তাটি ছিল সকলের জন্য উন্মুক্ত, কিন্তু সম্প্রতি এটি বন্ধ হয়ে যাওয়ায় আমাদের চলাচলে সমস্যা হচ্ছে।” একই সঙ্গে, আশপাশের জমির মালিকরা মিলে আলম শিকদারকে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

অপরদিকে, আলম শিকদার দাবি করেন, “২০০৩ সালে আমি এবং কিছু শ্রমিক মিলে এই রাস্তাটি বাঁধাই করেছি। বর্তমানে কিছু নতুন মালিক জমি বিক্রি করছেন এবং রাস্তাটি ব্যবহারের জন্য কিছু টাকা দাবি করা হয়েছে। টাকা দিলে বাঁশের বেড়া সরিয়ে নেওয়া হবে।”

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার বলেন, “জনগণের চলাচলের পথ বন্ধ করার অনুমতি দেওয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: November 24, 2024 | Author: Chandradip News24