৪৯ কোটি টাকার প্রকল্প, কুয়াকাটাবাসী পাবে নিরাপদ পানি

Views: 147

বরিশাল অফিস: কুয়াকাটায় নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য ‘পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা।

প্রস্তাবটি নিয়ে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সেখানে নানা প্রস্তাব নিয়ে ব্যাখা ও প্রশ্নের মুখে পড়েন প্রকল্প সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘আমরা পিইসি সভা করেছি। বিভিন্ন বিষয় জানার ছিল সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে আলাপ আলোচনা করে সুপারিশ দেওয়া হয়েছে। এখন সুপারিশের আলোকে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংশোধন হয়ে এলে অনুমোদনের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে— কুয়াকাটা পৌরসভাটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি তৃতীয় শ্রেণির পৌরসভা। পৌরসভার আয়তন ৮ দশমিক ১১ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় ৬৫ হাজার । এটি সমুদ্র সৈকত ঘেঁষে অবস্থিত। সমুদ্র সৈকতে অসংখ্য পর্যটক আস-যাওয়ার ফলে পৌরসভার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পর্যটন মৌসুমে সৈকত এলাকায় পর্যটক, সাময়িক ও ভ্রাম্যমাণ বিক্রেতাসহ প্রতিদিন প্রায় ২০ হাজার লোকের সমাগম ঘটে। এ ছাড়া এই এলাকায় বিপুল সংখ্যক পর্যটন রিসোর্ট এবং হোটেল গড়ে উঠেছে।
কুয়াকাটা পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা চাহিদার তুলনায় অপ্রতুল। ওই পৌরসভায় এরই মধ্যে ৩টি উৎপাদক নলকূপ, ১০ দশমিক ৩৩ কিলোমিটার বিভিন্ন ব্যাসের পাইপ লাইন, ৫৮০টি গৃহসংযোগ, ২০০টি পানির একক উৎস, ৮টি পাবলিক টয়লেট, ৫ দশমিক ২ কিলোমিটার ড্রেন ও ৩০টি কমিউনিটি নির্মাণ করা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ওইসব পৌরসভায় ৪টি উৎপাদক নলকূপ, একটি গ্রাউন্ড ট্রিটমেন্ট প্ল্যান্ট, একটি ওভারহেড ওয়াটার ট্যাংক, ১০ কিলোমিটার বিভিন্ন ব্যাসের পাইপ লাইন, এক হাজারটি গৃহসংযোগ, পোর্টেবল ডিংকিং ওয়াটার কেরিয়ার ক্রয়, ২০টি পানির একক উৎস, এক কিলোমিটার ড্রেন ও একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ করা হবে।

image_pdfimage_print

Posted on: September 17, 2023 | Author: Chandradip News