চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আম আদমি পার্টির (আপ) মন্ত্রী অতীশি। মঙ্গলবার বিকেলের দিকে দিল্লির গভর্নর ভি কে সাক্সেনার সাথে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ করার কথা রয়েছে। তার পদত্যাগের পর পর দিল্লির মন্ত্রী অতীশি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আম আদমি পার্টির (আপ) নীতি নির্ধারণী পরিষদের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতীশির নাম প্রস্তাব করা হয়। পরে দলের নেতারা তার প্রতি সমর্থন জানান। আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে দলটির নেতা দিলীপ পান্ডে কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হিসেবে নতুন মুখ্যমন্ত্রী অতীশির নাম প্রস্তাব করেন। এ সময় দলের সদস্যরা সমর্থন জানানোয় এতে রাজি হয়ে যান অতীশি। পরে দলটির নতুন নেতা নির্বাচিত করা হয় তাকে।
বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অতীশি। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও পরিবর্তন নিয়ে ব্যাপক কাজ করেছেন।





