কমলো জ্বালানি তেলের দাম, আজ রাত ১২টা থেকে কার্যকর

Views: 103

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমছে। ১ সেপ্টেম্বর তথা আজ রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে যান জ্বালানি উপদেষ্টা। এসময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের মধ্যে বেশিরভাগ যানবাহনে ডিজেল ব্যবহৃত হয়। তারপর অকটেন ও পেট্রোল। অকটেন ও পেট্রোল উচ্চবিত্তরা ব্যবহার করে। এগুলোর পরিমাণ তুলনামূলক কম। এটা কমালে তেমন একটা প্রভাব পড়ে না। তবে ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমাতে কষ্ট হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন ভবিষ্যতে জ্বালানি তেলের মূল্য আরও কমাতে পারি। আজ রাত ১২টার পর থেকেই জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর করা হবে।

image_pdfimage_print

Posted on: August 31, 2024 | Author: Chandradip News