বরিশালে লাঠির আঘাতে মামাকে খুনের ঘটনায় ভাগ্নে-ভাগ্নি গ্রেফতার

Views: 64

বরিশাল অফিস :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের সময় লাঠির আঘাতে মামাকে খুনের ঘটনায় ভাগ্নে ও ভাগ্নিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক।

শনিবার দুপুরে উপজেলার তর ইলিশা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর নিহতের মেয়ে সনিয়া হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে রোববার মেহেন্দিগঞ্জ থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

নিহত মামা আনিস খা (৪৫) ওই গ্রামের রুস্তুম আলী খানের ছেলে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন নিহতের আপন বোনের ছেলে রিপন বেপারী (২৯) ও মেয়ে রিপা (২৪)। তারা একই গ্রামের বাসিন্দা ও শাহজাহান বেপারীর ছেলে।

এ বিষয়ে উপজেলার দড়ির চর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মকিম তালুকদার বলেন, পারিবারিক কলহের সময় ভাগ্নের লাঠির আঘাতে মামার মৃত্যু হয়েছে। কোন বিষয়ে এ কলহের সৃষ্টি হয়েছে, তা নিয়ে কেউ কিছু প্রকাশ করেনি।

বরিশাল মেহেন্দিগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। গ্রেফতার দুই ভাই-বোনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি ইয়াসিনুল হক বলেন, দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহ শুরু হয়। এ সময় ভাগ্নে রিপন লাঠি দিয়ে মামা আনিসের মাথায় সজোরে আঘাত করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ আঘাতে গুরুতর আহত হয়ে গেলে তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের বাংলা চিকিৎসা (শেবাচিম) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন স্বজনরা। কিন্তু, পথিমধ্যে আনিসের মৃত্যু হয়।

image_pdfimage_print

Posted on: April 21, 2024 | Author: Chandradip News24