বরিশালের ৬ আসনে মোট ভোটার ২১ লাখ ৩২ হাজার ৭৪জন, কেন্দ্র ৮২৭

Views: 328

এস এল টি তুহিন,বরিশাল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস। পাশাপাশি আসন ভিত্তিক ভোট কেন্দ্র,ভোট কক্ষের খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠানের সার্বিক সব প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মুন্সী।

বরিশাল জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এবার জেলার ৬ আসনে মোট ভোটারের সংখ্যা ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী এবং ৯ জন হিজড়া তথা তৃতীয় লিঙ্গ ভোটার। জেলায় সম্ভাব্য স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৮২৭ টি এবং স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৯৭১ টি। আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা মিলিয়ে বরিশাল-১ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হিসাবে ৫২টি প্রতিষ্ঠান নির্ধারন করা হয়েছে।

 

উজিরপুর-বানারীপাড়া উপজেলা নিয়ে বরিশাল-২ আসন: এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ লাখ ২৪২ জন। এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৪ জন। নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন এবং হিজড়া ভোটার ১ জন।

মুলাদী-বাবুগঞ্জ নিয়ে বরিশাল-৩ আসন: এই আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ১২৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮০ এবং হিজড়া ভোটার ১ জন।

মেহেন্দীগঞ্জ-হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসন: নদীবেষ্টিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১৩৬ জন। নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৩৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।
বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে বরিশাল সদর-৫ আসন। জেলার ৬ আসনের মধ্যে সব চেয়ে বেশী ভোটার সংখ্যা এই আসনে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন। নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন এবং হিজড়া ভোটার ৩ জন।

মাত্র একটি উপজেলা (বাকেরগঞ্জ) নিয়ে বরিশাল-৬ আসন: এই আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন পুরুষ। ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছে।

বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মুন্সী চন্দ্রদীপ নিউজকে বলেন , যে তালিকাটি আমরা প্রস্তুত করেছি তা ৩০ নভেম্বর কমিশনে প্রেরণ করা হবে। এর পর কমিশন থেকে যে তালিকা পাঠানো হবে সেটাই হবে চূড়ান্ত তালিকা। তবে ভোটার তালিকা অনেকটা চূড়ান্তই বলা চলে। ভোট কেন্দ্র ও ভোট কক্ষে কিছুটা পরিবর্তন আসতে পারে। ঘোষিত তফশিল অনুযায়ী আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আশা করছি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সবার সহযোগীতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

image_pdfimage_print

Posted on: November 23, 2023 | Author: Chandradip News24