রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে দীর্ঘ ৩২ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার শেষে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের বিশেষায়িত রেসকিউ টিম কয়েক দফা জটিল অভিযান শেষে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।
ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে। পরিবারের বাড়ির পাশের বহুদিনের অকেজো গভীর নলকূপটির মুখ খোলা ছিল। খেলতে গিয়ে অসাবধানতাবশত সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। তার বাবার নাম রাকিব। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মূল গর্তের পাশ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে উদ্ধারকারী দল ৪৫ ফুট পর্যন্ত খনন করেও তাকে খুঁজে না পেলেও অভিযান থামানো হয়নি। সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে উদ্ধার কাজ চালানো হয় এবং শেষ পর্যন্ত শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়া যায়।
মানবিক এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে, তবে খোলা থাকা গভীর নলকূপের কারণে এমন দুর্ঘটনা ভবিষ্যতে রোধে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





