পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত দেড় দশকে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। ফলে ৩০ বছরের আশপাশের একটি বড় জনগোষ্ঠী কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই শূন্যতা পূরণ করতেই অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে সব রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য— মানুষ যেন নিজের ইচ্ছামতো ভোট দিতে পারে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখতে পায়। এই সরকার কোনো দলের পক্ষে নয়, আমরা নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই।”
তিনি আরও বলেন, মনোনয়ন সংগ্রহের শেষ দিন অচিরেই শেষ হবে। এরপর জনগণ পরিষ্কারভাবে জানতে পারবে, কারা কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে নতুন করে শক্তিশালী করবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, সেই পরিবর্তনের পেছনে তরুণদের আত্মত্যাগ রয়েছে। তাদের দাবির ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা শতভাগ বাস্তবায়িত না হলেও জনগণের সামনে উন্মুক্তভাবে উপস্থাপন করা হবে, যাতে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে— তারা কী ধরনের পরিবর্তন চায়।
তিনি জানান, এসব সংস্কার বিষয়ে আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত হবে। জনগণ যদি তালিকার ৮০-৯০ শতাংশ বিষয়ের সঙ্গে একমত হয়, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে পারবে। আর একমত না হলে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। জনগণের মতামতের ভিত্তিতেই পরবর্তী নির্বাচিত সরকার এসব পরিবর্তন বাস্তবায়নের দায়িত্ব নেবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশকে আবার স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। যাতে ভবিষ্যতে কেউ জনগণের অধিকার হরণ করতে না পারে। এই দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। কারণ, নির্বাচিত প্রতিনিধিরা আবার ভোটের জন্য জনগণের কাছেই ফিরে আসবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





