পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে ১,০৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ না করেই এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ মোট ২৭ জনকে আসামি করে পৃথক আটটি মামলা করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে পাঁচজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
- এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন
- সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান
- সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার
- মেসার্স হরিণপালা ট্রেডার্সের মালিক ও সাবেক এমপি মো. মহিউদ্দীন মহারাজ
উল্লেখ্য, মহিউদ্দীন মহারাজ ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেনের বড় পুত্র। গত ৫ আগস্টের ছাত্র-জনতা আন্দোলনের পর তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।





