জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সারা বিশ্বে কোটি কোটি মানুষ ব্যবহার করেন। নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করার মাধ্যমে ব্যবহারকারীদের সুবিধা দেয় মেটার মালিকানাধীন এই অ্যাপ। তবে হোয়াটসঅ্যাপে এখনও অনেক ফিচার আছে যেগুলো অনেকেই জানেন না, যা ব্যবহার করে যোগাযোগ আরও সহজ এবং স্মার্ট করা সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি আকর্ষণীয় ফিচার:
১. ভাষা পরিবর্তন করে ভয়েস টেক্সট টাইপিং:
হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের নিচে মাইক্রোফোন আইকনটি সবাই দেখেন। এটি দিয়ে ভয়েস মেসেজ পাঠানো যায়। কিন্তু কীবোর্ডে আরেকটি মাইক্রোফোন থাকে, যা দিয়ে আপনি কথা বললেই সেটি নির্দিষ্ট ভাষায় টেক্সট আকারে টাইপ হয়ে যায়। প্রথমে সেটিংসে গিয়ে ভাষা নির্বাচন করতে হবে, এরপর ওই মাইক্রোফোনে ক্লিক করলে আপনার কথাগুলো লেখা হয়ে স্ক্রিনে আসবে। ফলে টাইপ করার ঝামেলা কমে যায়।
২. কিবোর্ডের মাধ্যমে স্ক্যানার সুবিধা:
হোয়াটসঅ্যাপে এখন কিবোর্ডকে স্ক্যানার হিসেবে ব্যবহার করা যায়। কোনো লেখা ছবি হিসেবে তুলে পাঠানোর বদলে, মেসেজে ট্যাপ করলে ‘অটোফিল’ অপশন পাবেন। সেটিতে ক্লিক করলে কিবোর্ড স্ক্যানার হিসেবে কাজ করে, ছবি তোলার মাধ্যমে লেখা সরাসরি পাঠানো সম্ভব হয়। এতে সময় বাঁচে এবং কাজ সহজ হয়।
৩. ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট ফিচার:
ভয়েস মেসেজ শুনতে না চাইলেও সেটি লিখিত আকারে পড়ার সুযোগ মেলে হোয়াটসঅ্যাপে। এই ফিচারটি চালু করতে হলে প্রথমে সেটিংসে যেতে হবে, এরপর ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট’ অপশন চালু করতে হবে। পছন্দসই ভাষা নির্বাচন করলেই ভয়েস মেসেজ স্ক্রিনে লেখা হিসেবে দেখতে পাবেন। বিশেষ করে যেখানে হেডফোন ব্যবহার সম্ভব নয় বা শব্দ শোনা যাবে না, সেখানে এটি খুব উপকারী।
এই ফিচারগুলো ব্যবহার করে হোয়াটসঅ্যাপের অভিজ্ঞতা হবে অনেক সহজ ও স্মার্ট।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





