জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ ড. মুহাম্মদ ইউনুসকেই দিতে হবে। তিনি বলেন, “যদি এই আদেশ ‘চুপ্পুর কাছ থেকে’ নিতে হয়, তবে তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক।”
রবিবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমরা তিনশ’ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। গুণগত ও কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নির্বাচন কমিশন ও প্রতীকের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “শাপলা প্রতীক কেন দেওয়া হবে না—এর কোনো ব্যাখ্যা নির্বাচন কমিশন দেয়নি। এতে কমিশনকে ঘিরে সংশয় সৃষ্টি হয়েছে। নির্বাচনে যদি কোনো অনিয়ম হয়, তারা কি তার ব্যাখ্যা দেবে—এ নিয়েও প্রশ্ন রয়েছে।”
সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভার সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
সভায় জেলা ও মহানগর নেতারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





