হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

Views: 41

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের সাহসী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে দেখতে উপস্থিত হন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার স্থানীয় সময় হাসপাতালে পৌঁছে তিনি হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং পুরো চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

রাতের দিকে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ফোনযোগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হাদির ওপর চলমান চিকিৎসা সম্পর্কে অবহিত করেন বলে নিশ্চিত করা হয়েছে। ফোনালাপে তিনি জানান—হাদির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।

হাদির ওপর হামলার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বিশেষত তিনি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়, তাঁর উপর হামলার প্রতিক্রিয়া দেশ-বিদেশে গভীর আলোচনা তৈরি করেছে। চিকিৎসাধীন হাদিকে দেখতে সিঙ্গাপুর সরকারের উচ্চপর্যায়ের নেতার উপস্থিতি বিষয়টিকে আন্তর্জাতিক গুরুত্ব এনে দিয়েছে।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনায় অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে—হাদির ওপর হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হচ্ছে।

রাজনৈতিক অঙ্গনে হাদিকে একজন সাহসী ও আপোষহীন চরিত্র হিসেবে বিবেচনা করা হয়। গণঅভ্যুত্থানের দিনগুলোতে তিনি যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—তা তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে আরও উজ্জ্বল করেছে। বর্তমানে তাঁর চিকিৎসার প্রতিটি মুহূর্ত নিয়ে জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: December 17, 2025 | Author: Chandradip News24