সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বনকর্মীরা, তবে পানির সংকটের কারণে তারা বেগ পেতে হচ্ছেন।
শনিবার (২২ মার্চ) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা।
ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, আগুন লাগা এলাকায় আশপাশে পানির উৎস নেই। খালের কাছ থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। তবে খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা জানান, খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু খাল থেকে আগুনের এলাকায় দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে আগুন নেভাতে কিছুটা সমস্যার মুখে পড়ছেন তারা। আগুন যেন বনের ব্যাপক এলাকায় ছড়িয়ে না যায়, সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।
এদিকে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার স্টেশন থেকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে, এবং রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট রওনা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





